করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতির মুখে পড়া ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তার লক্ষ্যে নতুন করে ৫ কোটি মার্কিন ডলারের (স্থানীয় মুদ্রায় প্রায় ৪২৫ কোটি টাকা) ঋণ দিচ্ছে এশিয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) মাধ্যমে এই ঋণের টাকা বিতরণ করা হবে। এর ফলে ক্ষতির মুখে পড়া প্রায় ৩০ হাজার ক্ষুদ্র উদ্যোক্তা প্রতিষ্ঠান উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। যা নতুন করে অর্থনৈতিক কার্যক্রমকে চালিয়ে নিতে সহায়তা করবে। গতকাল সোমবার সংস্থাটির সঙ্গে এ বিষয়ে বাংলাদেশ সরকারের একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতেমা ইয়াসমিন ও বাংলাদেশ এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় মনমোহন প্রকাশ বলেন, এর ফলে গ্রামীণ অর্থনীতিতে তারল্য প্রবাহ বাড়াবে, যাতে ৯০ হাজার কর্মসংস্থান রক্ষা করবে কিংবা নতুন করে তৈরি করবে। এডিবির অনুরোধে পিকেএসএফ এই ঋণের সূদের হার ২৪ শতাংশ থেকে ১৮ শতাংশে নামিয়ে আনতে সম্মত হয়েছে বলে জানান তিনি। এছাড়া পিকেএসএপের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে আরো ১০০ কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও জানানো হয় এডিবির পক্ষ থেকে।
