সিলেটে শ্রমিকদের টানা ধর্মঘট

আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ২২:২৮

সিএনজি অটোরিকশা ও পাথর শ্রমিকদের পৃথকভাবে ডাকা টানা চার দিনের ধর্মঘট কর্মসূচিতে বিপাকে পড়েছেন সিলেটের সর্বস্তরের মানুষ। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। এই সুযোগে রিকশা চালকরা যাত্রীদের কাছ থেকে আদায় করছেন অতিরিক্ত ভাড়া।

গতকাল সোমবার ভোর ৬টা থেকে সিলেট জেলায় চলছে না সিএনজি চালিত অটোরিকশা। সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজি. নং-চট্ট-৭০৭ ও সিলেট জেলা অটোরিকশা/অটোটেমপু শ্রমিক জোট রেজি. নং-চট্ট-২০৯৭-এর সমন্বয়ে গঠিত ঐক্য পরিষদের ডাকে ৪৮ ঘণ্টার এ ধর্মঘট পালন করছেন শ্রমিকরা। সকাল থেকে নগরীসহ সিলেট জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টে পিকেটিং করছেন আন্দোলনকারী শ্রমিকরা।

অপরদিকে, সিলেটের সব পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে ইতিপূর্বে ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘট কর্মসূচি পালনের পর কোনো সুরাহা না হওয়ায় আজ মঙ্গলবার থেকে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদ। সংগঠনটি ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর পুরো সিলেট বিভাগে এ ধর্মঘট কর্মসূচি পালনের আহ্বান জানালেও ইতিমধ্যে সুনামগঞ্জ জেলায় এটি প্রত্যাহার করা হয়।