পিরোজপুরে প্রাথমিক শিক্ষা বিভাগের বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান অডিট করতে আসা দুই অডিটরকে ৪ লাখ ১৬ হাজার টাকাসহ গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গ্রেফতারকৃতরা হলেন—শিক্ষা-সংস্কৃতি ও ধর্মবিষয়ক অডিট অধিদপ্তরের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার মো. শামীম হোসেন ও এস এ এস সুপারিনটেনডেন্ট মো. জহির রায়হান। গতকাল সোমবার দুদকের বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক দেবব্রত মণ্ডলের নেতৃত্বে আট সদস্যের একটি দল পিরোজপুর এলজিইডির গেস্ট হাউজ থেকে তাদের গ্রেফতার করে।
দুদকের উপপরিচালক দেবব্রত মণ্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল এলজিইডির গেস্ট হাউজে অভিযান চালিয়ে এ টাকা উদ্ধার করা হয় এবং দুই অডিটরকে গ্রেফতার করা হয়। তারা পিরোজপুরের বিভিন্ন প্রাথমিক শিক্ষা অফিস থেকে ঘুষ নিয়েছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা করে রাতে পিরোজপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে।
জানা যায়, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জেলার সাতটি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, পিটিআইসহ এ বিভাগের বিভিন্ন দপ্তরের গত অর্থবছরের ব্যয়কৃত হিসাবের অডিট করার জন্য উক্ত দুই অডিটর গত রবিবার পিরোজপুরে আসেন। এ সময় তারা এলজিইডির গেস্ট হাউজে উঠেন। তারা গতকাল পিরোজপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসসহ জেলার তিনটি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে অডিট কার্যক্রম শুরু করেন।
