জাল কাগজপত্রে এমপিওভুক্তি

গাজীপুরে চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের এমপিও বাতিল

আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ২২:২৯

জাল কাগজে এমপিওভুক্তির অভিযোগ প্রমাণিত হওয়ায় গাজীপুর মহানগরীর চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মজিবুর রহমানের এমপিও বাতিল করা হয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (ভোকেশনাল) ও যুগ্ম-সচিব ড. মোহাম্মদ আব্দুস সালাম গত ১৭ ডিসেম্বর এক অফিস আদেশে তার এমপিও বাতিল করেন। এ সংক্রান্ত আদেশের চিঠি সোমবার প্রতিষ্ঠানে আসে।

অধ্যক্ষ মজিবুর রহমান বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড নিয়োগ যাচাই কমিটি ও ডিজি প্রতিনিধির পত্রটি ভুয়া ও টেম্পারিংয়ের মাধ্যমে চিঠি তৈরি করে এমপিওভুক্ত হন। এছাড়াও তার বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে কারিগরি শিক্ষা অধিদপ্তর।

তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (ব্যবসায় ব্যবস্থাপনা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ এবং বর্তমানে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও     এমপিও নীতিমালা-২০১৮ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে অধ্যক্ষ মজিবুর রহমানের এমপিও বাতিলসহ এমপিও শীট হতে তার নাম চূড়ান্তভাবে কর্তন করা হয়েছে বলে চিঠিতে জানানো হয়।