২৬ হাজার টাকা পাল্টে দিতে পারে প্রতিবন্ধী লাভলীর ভিক্ষাবৃত্তি জীবন

আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ২২:৩১

একটি ট্রাইসাইকেলের জন্য ১৬ হাজার টাকা ও আয় বৃদ্ধির জন্য ১০ হাজার টাকায় ২টি মাঝারি ছাগল কিনে দিলে ভিক্ষা বৃত্তি ছেড়ে দেবেন বলে জানিয়েছেন প্রতিবন্ধী লাভলী খাতুন (৩০)। এতোটুকু সহায়তায় তিনি ফিরে পেতে পারেন সম্মানজনক জীবনযাপন। লাভলী তাড়াশ উপজেলার দেশী গ্রাম ইউনিয়নের কুমাল্লু গ্রামের বাদশা মিঞার মেয়ে।

লাভলীর মা ছুফিয়া খাতুন বলেন, তার মেয়ে শারীরিক, বাক ও বুদ্ধি প্রতিবন্ধিতা নিয়ে জন্মেছে। তারা জমি জমাহীন অতি দরিদ্র। তাইতো পেটের তাগিদে দ্বারে-দ্বারে ভিক্ষা করেন। তিনি আরো বলেন, মানুষের কাছে ভিক্ষার জন্য হাত বাড়াতে আর মন চায়না। তার মেয়ের চলাচলের সুবিধার্থে একটি হাত দিয়ে চালানো সাইকেল (ট্রাইসাইকেল) ও দুটি ছাগল কিনে দিলে তা লালন পালন করে খেতেন। 

লাভলীর বাবা বাদশা মিঞা বলেন, তিন মেয়ে ও এক ছেলেসহ তাদের ছয়জনের পরিবার তার একার উপার্জনে চলেনা। কেউ সামান্য কিছু টাকা দিয়ে উপকার করলে তারা ভিক্ষা বৃত্তির দুঃসহ  জীবন থেকে মুক্তি পেতেন। 

সোমবার (২১ ডিসেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, তাড়াশ পৌর শহরের তাড়াশ বাজারে মায়ের সাথে ঘুরে বেড়াচ্ছেন প্রতিবন্ধী লাভলী। তার গলায় ঝুলছে ভিক্ষার থলে। হামাগুড়ি দিয়ে সামান্য হাঁটার পরেই সে ক্লান্ত হয়ে বসে যাচ্ছেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা কে এম মনিরুজ্জামান জানিয়েছেন, প্রতিবন্ধী লাভলীর জন্য ভাতাকার্ডের বাইরে সুদমুক্ত ঋণের ব্যবস্থা করা যেতে পারে। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাউল করিম বলেন, তাদের ভিক্ষা বৃত্তির জীবন পাল্টে দিতে চাহিদা অনুযায়ী আর্থিক সহায়তা দেওয়ার সর্বাত্মক চেষ্টা করা হবে। 

ইত্তেফাক/এসআই