কুমিল্লায় ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের একটি টিম জেলার চৌদ্দগ্রাম উপজেলার পৌর বাজার এলাকায় সোমবার এ অভিযান পরিচালনা করে।
অধিদপ্তরের কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, সোমবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চৌদ্দগ্রাম উপজেলার পৌর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৫টি প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
অভিযানকালে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন ও নিয়মিত হালনাগাদ করণ, ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ এবং সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা করার নির্দেশনা দেয়া হয়।
ইত্তেফাক/এমআর
