যশোরে খাবারের টেবিল থেকে ডেকে নিয়ে বালু ব্যবসায়ীকে হত্যা

আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ২২:৫৮

যশোরে হোটেলের খাবার টেবিল থেকে ডেকে নিয়ে আমিনুর রহমান বিশে ওরফে বিষে (৪৫) নামে এক বালু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। সোমবার দুপুরে শহরের আরবপুর এলাকার আসলামের হোটেলে এ ঘটনা ঘটে। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত বিশে শহরের আরবপুর এলাকায় আব্দুল মালেক ওরফে খালেকের ছেলে। বালু বিক্রি নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে যশোর শহরের আরবপুর মোড়ে আসলামের হোটেলে ভাত খাচ্ছিলেন বিষে। এ সময় বালিয়া ভেকুটিয়া কলোনি এলাকার দেলোয়ারের ছেলে সাগর (৩০) ও তার কয়েকজন সহযোগী       বিশেকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। চিকিত্সাধীন অবস্থায় বিকাল ৪টার দিকে তার মৃত্যু হয়। তার বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মাদক, অস্ত্র, বিস্ফোরকসহ বিভিন্ন আইনে অন্তত ৯টি মামলা রয়েছে।