দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুত্ কেন্দ্র জাতীয় গ্রিডে যুক্ত করা হয়েছে। স্মার্ট ফটোভোলটাইক (পিভি) সল্যুশন স্থাপনের মাধ্যমে ময়মনসিংহে অবস্থিত কেন্দ্রটিকে এ গ্রিডে সংযুক্ত করে বহুজাতিক চীনা ইঞ্জিনিয়ারিং কোম্পানি হুয়াওয়ে। গত মাসে কেন্দ্রটির নির্মাণকাজ সম্পন্ন করেছে বাস্তবায়নকারী সংস্থা এইচডিএফসি সিনপাওয়ার। ৭৩ মেগাওয়াট পিভি সক্ষমতার এই কেন্দ্র শিগিগরই গ্রিডে বিদ্যুত্ সরবরাহ করবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
হুয়াওয়ে জানায়, বাংলাদেশে প্রতি বছর ২ হাজার ৫০০ ঘণ্টার বেশি সূর্যালোক থাকে। এটি বিবেচনায় রেখে প্রকল্পটিতে সর্বোচ্চ সক্ষমতায় আইপি৬৬ উচ্চস্তরের সুরক্ষা এবং অ্যান্টি-পিআইডি প্রযুক্তিসহ হুয়াওয়ে এসইউএন২০০০-১৮৫ কেটিএল স্মার্ট পিভি স্ট্রিং ইনভার্টার ব্যবহার করা হয়েছে। প্রকল্পটি ময়মনসিংহের গৌরীপুরে ভাংনামারী ইউনিয়নের উজান কাশিয়ারচর গ্রামে ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত। ১৭৩কে সোলার প্যানেল এবং ৩৩২ ইনভার্টারের মাধ্যমে এ প্রকল্প জাতীয় গ্রিডে বিশেষ অবদান রাখবে। এই ফটোভোলটাইক সিস্টেম সৌর প্যানেল, সোলার ইনভার্টার, মাউন্টিং, ক্যাবলিং এবং অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রাংশ সংবলিত সবকিছুর মধ্যে সামঞ্জস্য বজায় রেখে ওয়ার্কিং সিস্টেম নিশ্চিত করবে।
হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপের প্রেসিডেন্ট ইয়াং গুয়োবিং বলেন, বাংলাদেশ দ্রুতগতিতে ডিজিটালাইজের দিকে এগিয়ে যাচ্ছে এবং এ ক্ষেত্রে বাংলাদেশের বাজার আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৭৩ মেগাওয়াটের এই প্রকল্পে অংশীদারদের সঙ্গে কাজ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।
