গাজীপুর মহানগরীর পূবাইলে একটি তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পূবাইল থানার কুদাব এলাকায় রহমান এন্টারপ্রাইজ নামক একটি তুলার গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কারখানাটিতে তুলা এবং ঝুট থেকে সুতা তৈরি করা হতো।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, সকাল এগারোটার দিকে ঐ এলাকায় রহমান এন্টারপ্রাইজ তুলার গুদামটিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন গুদামের সর্বত্র ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিন ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তাত্ক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
