কক্সবাজারকে পর্যটকদের নিকট আকর্ষণীয় করার পদক্ষেপ নেওয়া হচ্ছে

আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ২৩:১৭

বাংলাদেশ সরকারের নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী টেকনাফ স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, সেন্টমার্টিনকে রক্ষা করে পর্যটকদের নিকট আরো আকর্ষণীয় করতে সরকারের ব্যাপক পরিকল্পনা রয়েছে। সেন্টমার্টিনের জীব বৈচিত্র্য রক্ষায় পরিবেশ অধিদপ্তর কাজ করছে।

এছাড়া কক্সবাজারকেও পর্যটন নির্ভর করতে ঢেলে সাজানো হচ্ছে। এই লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই আন্তরিক। এই অঞ্চলে যত বেশী পর্যটক আসবে তত বেশী অর্থনৈতিক সক্ষমতা বাড়বে। তা দ্রুত কার্যকর করার জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। 

সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কেএম তারিকুল ইসলাম, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক জালাল উদ্দিনের সমন্বয়ে একটি বহর টেকনাফ স্থলবন্দরে পৌঁছালে টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবুল মনসুর, কোস্টগার্ড টেকনাফ স্টেশন কর্মকর্তা লে: কমান্ডার শেখ মিজবাহ উদ্দিন আহমদ, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান,

টেকনাফ স্থলবন্দরের ব্যবস্থাপক মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী ও হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। তিনি বন্দর ব্যবস্থাপনা ঘুরে দেখেন এবং উপস্থিতদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি দ্রুত পর্যটন খাত ও অর্থনৈতিক অঞ্চল সমূহের উন্নয়ন সাধন করে পর্যটকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির আশ্বাস দেন। এরপর তিনি বিকাল ৩টায় বিশেষ স্পীডবোটে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের উদ্দেশ্যে যাত্রা করেন। 

ইত্তেফাক/এসআই