জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, দেশের নির্বাচনব্যবস্থা ও নির্বাচন কমিশনের (ইসি) ওপর মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। ইসিসহ সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে আরো শক্তিশালী করতে হবে। জাপা চায় ইসি যেন প্রতিটি নির্বাচন অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক করতে পারে। স্বাধীন এবং সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ইসি যেন প্রভাব ও হস্তক্ষেপ মুক্তভাবে কাজ করতে পারে। জাপা প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না। গতকাল সোমবার জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে পার্টি চেয়ারম্যান জি এম কাদেরের সভাপতিত্বে দলের প্রেসিডিয়ামের সভা শেষে গণমাধ্যমকে ব্রিফিংয়ে বাবলু এসব কথা বলেন।
জাপা মহাসচিব বলেন, সম্প্রতি অনুষ্ঠিত ধানমন্ডি এলাকায় উপনির্বাচনে মাত্র ২ শতাংশ ভোট পড়েছে। ডেমরা এলাকায় ভোট পড়েছে মাত্র ১০ শতাংশ। এতে প্রমাণ হয়—ইসি ও নির্বাচনব্যবস্থার ওপর মানুষের আস্থা নেই। স্বাধীন ও নিরপেক্ষ ইসি ছাড়া স্বচ্ছ নির্বাচন সম্ভব নয়।
প্রেসিডিয়াম সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলা ও মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, ফকরুল ইমাম, সুনীল শুভরায়, এস এম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, আজম খান, এ টি ইউ তাজ রহমান সোলায়মান আলম শেঠ প্রমুখ।
