৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের মামলায় পুলিশের বরখাস্তকৃত ডিআইজি মিজানুর রহমান ও দুদকের পরিচালক এনামুল বাছিরের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন এক সাক্ষী। গতকাল সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন। পরে আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। আগামী ৬ জানুয়ারি পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।
রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন নাসির উদ্দিন বাবু। এ সময় কারাগার থেকে আসামিদের আদালতে হাজির করা হয়। এ নিয়ে মামলাটিতে ১৭ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো।
গত বছরের ৯ জুন একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত প্রতিবেদন অনুযায়ী, দুর্নীতির অনুসন্ধান থেকে দায়মুক্তি পেতে দুদকের পরিচালক বাছিরকে ৪০ লাখ টাকা ঘুষ দিয়েছিলেন পুলিশের বরখাস্ত ডিআইজি মিজানুর রহমান। ঘুষ লেনদেন-সংক্রান্ত কথোপকথন রেকর্ড করে ঐ চ্যানেলকে দিয়েছিলেন তিনি। ডিআইজি মিজানও এ বিষয়ে নিজেই গণমাধ্যমে সাক্ষাত্কার দেন। অবৈধ সম্পদ অর্জনের মামলা থেকে বাঁচতে ঐ অর্থ ঘুষ দেন বলে মিজান দাবি করেন। পরে ৪০ লাখ টাকা ঘুষ গ্রহণ ও প্রদানের অভিযোগে পুলিশ ও দুদকের সাময়িক বরখাস্তকৃত ঐ দুই কর্মকর্তার বিরুদ্ধে গত বছরের ১৬ জুলাই মামলা হয়।
