গাজীপুরে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে মহানগরীর মোগড়খাল এলাকার একটি কারখানার সীমানা দেওয়ালের পেছনে জমি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত কিশোরের নাম রানা। সে বগুড়া জেলার সারিয়াকান্দি থানার রামচন্দ্রপুর গ্রামের আবুল কাসেম প্রামাণিকের ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ওসি মো. কামরুল ফারুক জানান, রানা একমাস আগে মহানগরীর মোগড়খাল এলাকায় তার ভগ্নিপতি সোহান আলীর ভাড়া বাড়িতে বেড়াতে আসে। এখানে জনি নামে তার বড় ভাই ঐ এলাকায় ভাড়া থেকে একটি সেলুনে কাজ করে। রানা দিনের বেলায় তার ভাইয়ের কাছে থাকত। রবিবার রাত সাড়ে ৮টার দিকে রানা তার ভগ্নিপতির বাসায় যাওয়ার উদ্দেশ্যে দোকান থেকে রওনা দেয়। এরপর থেকে সে আর বাসায় ফেরেনি। সোমবার সকালে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি আরো জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার গলা লাইলনের রশি দিয়ে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, কে বা কারা তাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ফেলে রাখে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।
