বিনোদন রিপোর্ট
স্বপ্নের পদ্মা সেতু কাছ থেকে দেখবে বলে দেশের শ্রেষ্ঠ সন্তান একদল বীর মুক্তিযোদ্ধা এক বন্ধুর বাড়িতে একত্রিত হয়। দীর্ঘদিন পর তাদের দেখা। সঙ্গত কারণেই অনেক উত্ফুল্ল তারা। পদ্মা সেতু দেখতে যাওয়ার আগে নানা ধরনের প্রস্তুতি শুরু হয় সবার মাঝে। সিদ্ধান্ত হয় পরের দিন সকালে সূর্য্য ওঠার সঙ্গে সঙ্গে পদ্মা সেতু দেখার জন্য যাত্রা শুরু করবেন তারা। রাতে একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে খুবই স্পর্শকাতর ও বিব্রত পরিস্থিতির মুখোমুখি হয় সকলে। রাতে একজন খুন হয়। তারপর ঘটতে থাকে অনেক বিব্রতকর ঘটনা। প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এক চরম সত্যের মুখোমুখি দাঁড়ায়।
এমন গল্পে ‘সূর্য্য সকাল’ নামে বিজয় মাসের এই বিশেষ টেলিছবিটি নির্মাণ করেছেন বিশিষ্ট নির্মাতা রেজানুর রহমান। এটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দেশের কয়েকজন বিশিষ্ট অভিনেতা-অভিনেত্রী। তাদের মধ্যে রয়েছেন লুত্ফর রহমান জর্জ, ঝুনা চৌধুরী, জিয়াউল হাসান কিসলু, হাফিজুর রহমান সুরুজ ও চিত্রনায়িকা সুমনা সোমা। এছাড়া আরো অভিনয় করেছে কাজী প্যারিস, সুকর্ন হাসান, মিন্টু সরদার, মনি কানচনসহ দেশের বিভিন্ন নাট্য সংগঠনের একদল নাট্যকর্মী।
উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধের বিজয় গাঁথা ও পদ্মা সেতুকে কেন্দ্র করে দেশে প্রথমবারের মতো একটি টেলিছবি নির্মিত হলো।
বিজয়ের মাস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালার আওতায় চ্যানেল আইতে বিশেষ এই টেলিছবিটি প্রচার হবে আজ বিকেল ৩টা ০৫ মিনিটে।
এছাড়া বিজয়ের এই মাসে বাংলাদেশ টেলিভিশন, অর্থাত্ বিটিভিতে ২৬ ডিসেম্বর রেজানুর রহমানের লেখা একটি বিশেষ নাটক প্রচার হবে। নাটকটির নাম ‘জাগো বাহে’। এটি প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার। রংপুরের অদূরে তিস্তাপারের বিভিন্ন এলাকায় নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। নাটকটিতে অভিনয় করেছে মোহাম্মদ বারী, চিত্রনায়িকা শশী, জীবন রায়সহ রংপুর অঞ্চলের বিভিন্ন নাট্য সংগঠনের শতাধিক নাট্যকর্মী।
