আলজাজিরা
রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির অন্তর্বাসের মধ্যে বিষ রেখেছিল দেশটির কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা (এফএসবি)। সংস্থাটির একজন এজেন্ট নিজেই নাভালনির কাছে বিষয়টি স্বীকার করেছেন। মূলত কৌশলে তার কাছ থেকে এই তথ্য বের করে এনেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন এবং অনলাইনভিত্তিক তদন্তকারী দল বেলিংক্যাট।
সিএনএন জানিয়েছে, নাভালনি নিজেই তার পরিচয় গোপন করে ফোনে এফএসবি এজেন্টের সঙ্গে কথা বলেন। এ সময় এফএসবির টক্সিন দলের ঐ সদস্য জানান, নাভালনির অন্তর্বাসে জীবননাশক রাসায়নিক নভিচক রাখা হয়েছিল। ঐ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়েও কথা বলেন এই এফএসবি এজেন্ট। ঐ ফোনালাপে জানা গেছে, তিন বছরের বেশি সময় ধরে নাভালনিকে অনুসরণ করতেন টক্সিন দলের ৬ থেকে ১০ জন এজেন্ট। ঐ এজেন্টদের শনাক্ত করার পরই মূলত তাদের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেয় সিএনএন ও বেলিংক্যাট। ওলেগ তায়াকিন নামের একজন এজেন্ট সিএনএনের প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেও কৌশলে কুদ্রেইয়াভস্তিভের সঙ্গে কথা বলে সংবাদমাধ্যমটি। ওই কথোপকথন থেকেই উঠে আসে এসব তথ্য। গত ২০ আগস্ট সাইবেরিয়ার টমস্ক থেকে বিমানে করে মস্কো ফিরছিলেন নাভালনি। মাঝ আকাশে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। উপায় না দেখে ওমস্ক শহরে বিমানের জরুরি অবতরণ করিয়ে শুরু হয় চিকিত্সা। এরপর নাভালনির শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকায় জার্মানির বার্লিনে উড়িয়ে নিয়ে যাওয়া হয়।
