জার্মানিতে ফিরলেন আইএস নারীরা

আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ২১:২২

আইএসের হয়ে লড়াই করতে তারা সিরিয়া চলে গেছিলেন। তেমনই পাঁচ নারী এবং ১৮টি শিশুকে দেশে ফেরাল জার্মান সরকার। সিরিয়ার যুদ্ধক্ষেত্র থেকে পাঁচ আইএস নারী এবং ১৮টি শিশুকে উদ্ধার করে জার্মানিতে ফিরিয়ে আনল জার্মান সরকার। খবর ডয়চে ভেলের

রবিবার জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস এ কথা জানিয়েছেন। অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এই কাজটি করা হয়েছে বলে জানিয়েছেন মাস। যে পাঁচ নারীকে দেশে ফেরানো হয়েছে, তাদের সকলের বিরুদ্ধেই চরমপন্থা এবং জঙ্গি কার্যকলাপে অংশগ্রহণের অভিযোগ রয়েছে। সবার বিরুদ্ধেই চার্জ গঠন করেছে দেশের ফেডারেল পুলিশ। গত কয়েক বছরে একাধিক জার্মান সিরিয়ায় গিয়েছিলেন আইএস শিবিরে যোগ দিতে। এই পাঁচ নারীও সিরিয়ায় গিয়ে আইএস জঙ্গিদের বিয়ে করেছিলেন বলে জার্মান সরকার জানিয়েছে। পাঁচ নারীর কারো সম্পূর্ণ পরিচয় জানানো হয়নি। কেবল নামের প্রথম অংশটি লেখা হয়েছে রিপোর্টে। সিরিয়ায় আইএস শিবিরে যোগ দিলেও পরবর্তী সময় এই নারীরা সকলেই ছিলেন কুর্দদের তৈরি ক্যাম্পে।