ইত্তেফাক ডেস্ক
বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় সাত জনের মৃত্যু হয়েছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
ব্রাহ্মণবাড়িয়া :ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সোমবার সন্ধ্যায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—ইলিয়াস হোসেন (৪৫) ও মোহন মিয়া (৭০)। আখাউড়া থানার ওসি দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বড়াইগ্রাম (নাটোর) : বড়াইগ্রামে মঙ্গলবার মহাসড়কে দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকে দ্রুতগামী কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রাকের হেলপারের মৃত্যু হয়েছে। নিহতের নাম নাইম হোসেন (২৩)। বনপাড়া-হাটিকুমরুল-ঢাকা মহাসড়কের লাতুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে নাটোরগামী একটি মালবোঝাই বিকল ট্রাক রাস্তার পাশে দাঁড় করিয়ে হেলপার সেটি মেরামতের চেষ্টা করছিল। এ সময় পেছন দিক থেকে আসা কাভার্ড ভ্যান ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের পেছনে থাকা হেলপার নাইম হোসেন কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
আটঘরিয়া (পাবনা) :আটঘরিয়ায় ইটবোঝাই ট্রলির চাপায় লোকমান হোসেন (৩৮) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় আরো দুই জন আহত হয়েছেন। মঙ্গলবার টেবুনিয়া-চাটমোহর সড়কের আটঘরিয়া উপজেলার সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) :পীরগঞ্জে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম মজিবর রহমান (৪২)। দুর্ঘটনায় আহত হয়েছেন তিন জন। উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাঁশগাড়া বুড়াধামে ট্রাক ও পাওয়ার ট্রলির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায়।
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) :শায়েস্তাগঞ্জে সোমবার রাতে মহাসড়ক অতিক্রম করার সময় ট্রাক চাপায় এক ইজিবাইক যাত্রীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন। সোমবার রাত ৯টার দিকে শায়েস্তাগঞ্জ-দেউন্দি সড়কের ঢাকা-সিলেট মহাসড়ক পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো. আল আমিন (২৮)।
মিঠাপুকুর (রংপুর) : মিঠাপুকুরে মঙ্গলবার ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ঘে আনসার বাহিনীর এক সদস্যের মৃত্যু হয়েছে। নিহতের নাম রাশেদুজ্জামান রাশেদ (৩৮)। তিনি উপজেলার রাণীপুকুর ইউনিয়নের দৌলতনূরপুর গ্রামের আবু তৈয়ব আলীর ছেলে। রাশেদ ঢাকার আশুলিয়া পল্লী বিদ্যুত্ সমিতি কার্যালয়ে আনসার বাহিনীর সদস্য হিসেবে কর্মরত ছিলেন।
