সুজানগর (পাবনা) সংবাদদাতা
সুজানগর পৌরসভা নির্বাচনে দুই মেয়র পদপ্রার্থী এবং সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর পদে ১০ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জনসহ মোট ৪৩ জন কাউন্সিলর পদপ্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার মো. রওশন আলী ঐ সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এ সময় ঋণখেলাপের দায়ে কেবল ৯ নম্বর ওয়ার্ডের একজন সাধারণ কাউন্সিলর পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। মেয়র পদে যে দুই জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, তারা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য রেজাউল করিম রেজা এবং বিএনপির মনোনীত প্রার্থী সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল হুদা কামাল বিশ্বাস।
