কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
চুরির ২০ দিনের মধ্যে মঙ্গলবার ভোররাতে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুর খান ইউনিয়নের বেলতলী গ্রামের একটি বাড়ি থেকে চোরাই মালামাল ও একটি সিএনজি অটোরিকশাসহ তিন চোরকে গ্রেফতার করে। গত ২ ডিসেম্বর কমলগঞ্জের ফুলবাড়ি চা-বাগানের জুয়েল টেলিকম সাউন্ড সিস্টেম অ্যান্ড মাইক সার্ভিসের দোকানে ঐ চুরির ঘটনা ঘটে। কমলগঞ্জ-শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামানের নেতৃত্বে কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান, পরিদর্শক (তদন্ত) সোহেল আহমেদ, এসআই অনিক বড়ুয়াসহ একদল পুলিশ এ অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃতরা হলো—রাসেল মিয়া, সোহেল ও মো. রউফ মিয়া। কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, এ ঘটনায় থানায় নিয়মিত মামলা গ্রহণ এবং গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
