টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
টেকনাফ পৌর এলাকায় বিজিবি অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে। সোমবার সন্ধ্যায় তাদের আটক করা হয়। টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, বিশেষ টহল দল পৌর এলাকার আলো শপিং কমপ্লেক্সের সামনে ব্রিজের ওপর মাদকের চালান বহনের সংবাদ পেয়ে ঘেরাও করে। এ সময় একটি ইয়াবার পোটলাসহ ডেইল পাড়ার মো. ছালামতুল্লাহ এবং কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ডি/১-এর বাসিন্দা মো. মোস্তফা কামালকে আটক করে। ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৩০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এই ব্যাপারে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর আটককৃতদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
