সিলেট চেম্বারের সঙ্গে বিবিসিসিআইয়ের ভার্চুয়াল সভা
হুমায়ূন রশিদ চৌধূরী, সিলেট অফিস
সিলেটে চাহিদা অনুযায়ী কৃষি পণ্য উত্পাদিত হয় না বলে দেশের অন্যান্য স্থান থেকে সিলেটে শাকসবজি, ফলমূল এসে থাকে সারা বছর। সূত্র মতে প্রতিদিন সিলেটে ২৫-৩০ টন সবজি এসে থাকে সোবহানীঘাট সবজির আড়তে। যা নগরীসহ সিলেট বিভাগের বিভিন্ন স্থানে সরবরাহ হয়। অথচ সিলেট বিভাগে প্রায় ২ লাখ হেক্টর জমি অনাবাদি থাকে। এজন্য অবশ্য কোথাও পানির স্বল্পতা আবার কোথাও জলাবদ্ধতাও দায়ী। অবশ্য কৃষি কর্মকর্তাদের প্রচেষ্টায় আগের তুলনায় কৃষিতে এলাকার মানুষ অনেকটা এগিয়ে এসেছেন—এমন মন্তব্য স্থানীয়দের ও সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাদের। এক সময় সিলেটে কৃষির প্রতি স্থানীয় মানুষের আগ্রহ কম থাকলেও এখন আর সেই ভাব নেই। তারা এখন জমি পতিত রাখতে চান না। সিলেট চেম্বার সভাপতি আবু তাহের মো. শোয়েব ‘কৃষি খাতে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, এই খাতে প্রবাসীরা লাভবান হতে পারেন।’ তিনি বলেন, ‘প্রতি বছর সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অনেক গ্র্যাজুয়েট বের হচ্ছেন। কিন্তু পর্যাপ্ত চাকরির সুযোগ না থাকায় তাদের কাজে লাগানো যাচ্ছে না।’ তিনি বলেন, ‘প্রবাসীরা দেশে কৃষিভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে গ্র্যাজুয়েটদের কাজে লাগাতে পারেন। তিনি সিলেটের কোম্পানীগঞ্জে নির্মিত বঙ্গবন্ধু হাইটেক পার্ক ও সিলেট ইকোনমিক জোনে বিনিয়োগের জন্য প্রবাসীদের আহ্বান জানিয়েছেন।
সোমবার বিকালে দ্য সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সঙ্গে ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই) নেতৃবৃন্দের এক ভার্চুয়াল মিটিংয়ে এমনি অভিমত ব্যক্ত করেন সিলেট চেম্বার সভাপতি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভাটি সঞ্চালনা করেন বিবিসিসিআইয়ের প্রেসিডেন্ট বশির আহমদ। তিনি বলেন, ‘যদি চাইনিজরা বাংলাদেশে গিয়ে বিনিয়োগ করতে পারে, আমরা কেন পারব না।’ তিনি বলেন, যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। এক্ষেত্রে পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও নিরাপত্তা দিতে হবে। তিনি বিনিয়োগকারীদের সুবিধার্থে প্রাতিষ্ঠানিক সেবার ক্ষেত্রে ‘ওয়ানস্টপ সার্ভিস’ চালু ও বিনিয়োগের ক্ষেত্রে বিরাজমান প্রতিবন্ধকতাসমূহ দূর করার দাবি জানান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর সানোয়ার চৌধুরী, ডাইরেক্টর জেনারেল সাইদুর রহমান রানু, ডাইরেক্টর এ কে আজাদ, আহমেদ উস সামাদ চৌধুরী, মাহতাব মিয়া, শাহগির বখত ফারুক, জাহাঙ্গীর কবির চৌধুরী, মনির আহমদ, ফাইজুর রহমান চৌধুরী, সিলেট চেম্বারের পরিচালক আলিমুল এহছান চৌধুরী ও প্রবাসী বিনিয়োগকারীবৃন্দ।
