কর্মহীন শ্রমিকদের নগদসহায়তা প্রদান কার্যক্রম উদ্বোধন

আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ২১:৩৪

ইত্তেফাক রিপোর্ট

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে রপ্তানিমুখী তৈরি পোশাক, চামড়াজাত পণ্য ও পাদুকাশিল্পের কর্মহীন হয়ে পড়া ও দুস্থ শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় নগদসহায়তা প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। গতকাল রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সম্মেলনকক্ষে প্রধান অতিথি হিসেবে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, করোনা মহামারির কারণে তৈরি পোশাক এবং চামড়া ও পাদুকাশিল্পে কর্মহীন দুস্থ শ্রমিকদের জরুরি মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় সরকার এই সামাজিক নিরাপত্তা কার্যক্রম চালুর উদ্যোগ গ্রহণ করে। এতে উন্নয়ন সহযোগী সংস্থা ইউরোপীয় ইউনিয়ন ও ফেডারেল জার্মান সরকার অর্থায়ন করতে সম্মত হয়।

যাচাই-বাছাই শেষে চূড়ান্ত অনুমোদনের ভিত্তিতে প্রাপ্ত ১ হাজার ৭৯৪ জন কর্মহীন শ্রমিককে সেপ্টেম্বর মাসের জন্য প্রথম পর্যায়ে জনপ্রতি ৩ হাজার টাকা করে নগদ অর্থসহায়তা পাবে। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ইলেকট্রনিক সিস্টেমে ২৪ ঘণ্টার মধ্যে উপকারভোগীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে প্রদেয় টাকা চলে যাবে।