আব্দুর রাজ্জাকের নবম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ২১:৩৯

ইত্তেফাক রিপোর্ট

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বর্ষীয়ান রাজনীতিক, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সাবেক সদস্য আব্দুর রাজ্জাকের নবম মৃত্যুবার্ষিকী আজ। লন্ডনের কিংস কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ২০১১ সালের ২৩ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুবার্ষিকীতে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—দোয়া ও কোরআনখানি, জীবনাদর্শ তুলে ধরে আলোচনা, স্মরণসভা প্রভৃতি।

যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে সকাল পৌনে ৯টায় বনানী কবরস্থানে আব্দুর রাজ্জাকের কবরে জাতীয় নেতৃবৃন্দ ও পরিবারের সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধvঞ্জলি নিবেদন করবেন। সেখানে ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিলও অনুষ্ঠিত হবে। এছাড়া আওয়ামী লীগের সহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন এবং প্রবাসী শরীয়তপুরবাসীর বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানাবেন। আব্দুর রাজ্জাক ফাউন্ডেশন ও আব্দুর রাজ্জাক স্মৃতি সংসদের উদ্যোগে বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আলোচনাসভার আয়োজন করা হয়েছে। এছাড়া শরীয়তপুরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন ব্যাপক কর্মসূচি ঘোষণা করে।

আব্দুর রাজ্জাক ১৯৭০ সালের নির্বাচনে প্রাদেশিক পরিষদ সদস্য নির্বাচিত হন। এর পর স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে ১৯৭৩, ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তার নির্বাচনি এলাকা শরীয়তপুর-৩। ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আব্দুর রাজ্জাক ঐ সরকারের পানিসম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন।