আত্মসমর্পণের সময় পেলেন পাপুলের স্ত্রী ও মেয়ে

আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ২১:৪১

অর্থ পাচার মামলা

ইত্তেফাক রিপোর্ট

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও অর্থ পাচারের মামলায় লক্ষ্মীপুরের এমপি মোহাম্মদ শহিদ ইসলাম পাপুলের স্ত্রী ও মেয়েকে নিম্ন আদালতে আত্মসমর্পণের জন্য আবারও সময় দেওয়া হয়েছে। উচ্চ আদালতের আত্মসমর্পণের আদেশে ‘অবকাশকালীন আদালত’ শব্দটি লিখা না থাকায় তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে পারেনি। এ কারণে ঐ আদেশ সংশোধন চেয়ে হাইকোর্টে আবেদন করে পাপুলের স্ত্রী ও মেয়ে। উভয় পক্ষে শুনানি নিয়ে হাইকোর্ট আদেশ সংশোধন করে দিয়ে ২৮ ডিসেম্বরের মধ্যে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণের সময় দেয়। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেয়।

গত ২৬ নভেম্বর হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন এমপি পাপুলের স্ত্রী সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম, মেয়ে ওয়াফা ইসলাম এবং শ্যালিকা জেসমিন প্রধান। এদের মধ্যে সেলিনা ও ওয়াফার জামিন আবেদন শুনানির জন্য কার্যতালিকায় আসে। সেই মোতাবেক গত ১০ ডিসেম্বর হাইকোর্ট তাদের আগাম জামিন না দিয়ে বিশেষ জজ আদালতে ১০ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয়। সেই মোতাবেক তারা ২০ ডিসেম্বর নিম্ন আদালতে আত্মসমর্পণের আবেদন দিয়ে জামিন চান। গতকাল আদালতে সেলিনা ইসলামের পক্ষে আইনজীবী সাঈদ আহমেদ রাজা ও দুদকের পক্ষে খুরশীদ আলম খান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক শুনানি করেন।

খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, বিচারিক আদালতে আত্মসমর্পণ করার বিষয়ে আদালত একটি আদেশ ছিল, সেখানে ভ্যাকেশন (অবকাশ) বিষয়টি উল্লেখ ছিল না। যে কারণে তারা সেই সময়ের মধ্যে আত্মসমর্পণ করতে পারেননি বলে আরেকটি আবেদন করে সময় চান। আদালত শুনানি শেষে আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলেছেন। গত ১১ নভেম্বর শহিদ ইসলাম পাপুল ও তার স্ত্রীসহ চার জনের বিরুদ্ধে কয়েক শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে মামলা করেছে দুদক।