গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর বাসন থানার মোগরখাল এলাকা থেকে উদ্ধারকৃত কিশোর রানাকে তারই ভগ্নীপতি হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মো. শাহার আলী ওরফে সোহানকে পুলিশ সোমবার রাতে মোগরখাল এলাকার ভাড়াবাসা থেকে গ্রেফতার করেছে। নিহত রানা বগুড়ার সারিয়াকান্দি থানার রামচন্দ্রপুর গ্রামের আবুল কাশেম প্রামানিকের ছেলে। গ্রেফতারকৃত সোহান একই থানার গোয়ালবাতান গ্রামের আ. জলিল মণ্ডলের ছেলে।
বাসন থানার ওসি মো. কামরুল ফারুক জানান, রানা দুই সপ্তাহ আগে চাকরির খোঁজে সোহানের বাসায় আসে। রবিবার রাতে তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ বাসার অদূরে নির্জন স্থানে ফেলে রাখা হয়। সোমবার সকালে লাশ উদ্ধারের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ নিহতের পরিচয় নিশ্চিত হয়। নিহতের ভাই-বোনসহ অন্যদের জিজ্ঞাসাবাদে জানা যায়, সোহানের সঙ্গে নিহত রানার পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ছিল। এ ছাড়া নিহত রানার পিতার কাছে ১০ হাজার টাকা পাওনা ছিল সোহানের। এক বছর আগে টাকা চাইতে গেলে সোহানকে মারপিট করা হয়। সেই ক্ষোভে শ্যালক রানাকে হত্যা করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে সোহান। গ্রেফতারকৃত সোহানকে গতকাল আদালতে পাঠানো হয়েছে।
