লক্ষ্মীপুরের রামগঞ্জে চট্টগ্রাম বিভাগীয় মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও কর্ণফুলী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা ভূঁইয়া নিশি, যুগ্ম আহ্বায়ক সীতাকুণ্ড উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলি ও সদস্য সচিব হাটহাজারী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগমের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
এক গৃহবধূর নির্যাতনের বিচার চাইতে আসলে এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগীরা জানান। সোমবার সন্ধ্যায় রামগঞ্জ উপজেলার চন্ডিপুর বখসী বাজার সংলগ্ন জি এস নজরুল ইসলামের বাসভবনের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রামগঞ্জ থানায় ২জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
সূত্র জানায়, রামগঞ্জ উপজেলার চন্ডিপুর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা আক্তারের ছেলে সাজিদ আরেফিন সাকিবের সাথে পার্শ্ববর্তী শাহরাস্তি উপজেলার কসবা গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে সাহেরা বিবি নিপুর সাথে ২০১৮ সালে বিয়ে হয়। বিয়ের পর থেকে সাকিব ও তার শিক্ষিকা মা ছেলেকে দিয়ে ব্যবসা করার জন্য নিপুর পরিবারের কাছে ১০ লক্ষ টাকা দাবি করেন। কিন্তু নিপুর পরিবার ওই টাকা দিতে অস্বীকার করায় মায়ের প্ররোচনায় ছেলে তার স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে তালাক দেয়। পরে খবর পেয়ে সোমবার বিকেলে গৃহবধূর খালাতো বোন সীতাকুণ্ড উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলি ও তার রাজনৈতিক সহকর্মী কুর্ণফুলী ও হাটহাজারী উপজেলার ভাইস চেয়ারম্যানদের সাথে নিয়ে রামগঞ্জে আসলে জিএস নজরুল ইসলামের বাসভবনে অবস্থানের খবর পেয়ে আয়েশা বেগমের সমর্থিত বহিরাগত একটি মুখোশধারী গ্রুপ বাড়ির ভেতরে ইট পাটকেল নিক্ষেপ ও হামলা চালায়। পরে রামগঞ্জ থানা পুলিশের সহযোগিতা নিয়ে থানায় গিয়ে সাকিবের মা আয়েশা আক্তার ও তার ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
আরো পড়ুন: ডিএমপিতে ডিসি ও এডিসি পদমর্যাদার ৫ কর্মকর্তার পদায়ন
সীতাকুণ্ড উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলি জানান, সাহেরা বিবি নিপু আমার খালাতো বোন। সে সুবাদে তার ওপর নির্মম নির্যাতনের বিচার চাইতে আমরা রামগঞ্জে এসেছি। কিন্তু নিপুর স্বামী সাকিবের নেতৃত্বে তার মা চন্ডিপুর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়শা আক্তার বহিরাগত লোকজন দিয়ে আমাদের ওপর হামলা করেছে। পুলিশের সহযোগিতায় নিয়ে প্রাণে রক্ষা পেয়েছি।
এ বিষয়ে জানতে চাইলে সাকিবের মা চন্ডিপুর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়শা আক্তার জানান, বিআরডিবি চেয়ারম্যান সুমন ভূঁইয়ার মাধ্যমে খবর পেয়ে আমার ছেলের বন্ধুর বাইক নিয়ে ঘটনাস্থলে গেলে মহিলা ভাইস চেয়ারম্যান জলির নেতৃত্বে আমাদের ওপর হামলা করে। ইট পাটকেল নিক্ষেপের কোন ঘটনা ঘটেনি।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান,গৃহবধূ নিপুর অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/এএএম
