শেষ আটের পথে বসুন্ধরা

আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ২২:১৫

দুনিয়া জুড়ে করোনার প্রকোপ আরো বেড়েছে। এই অবস্থায়ও দুনিয়া জুড়েই চলছে ফুটবল। দেশের ফুটবলেও কাল পর্দা উঠেছে। ফেডারেশন কাপ ফুটবল দিয়ে প্রায় ৯ মাস পর আবার মাঠে গড়িয়েছে খেলা। আবার মাঠে নেমেছেন দেশের ফুটবলাররা। ক্লাব ফুটবলের প্রথম দিনে বসুন্ধরা প্রত্যাশিত জয় নিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়াম ছেড়েছে। বসুন্ধরা কিংস ৩-০ গোলে রহমতগঞ্জকে হারিয়েছে। এই দুই দল ফেডারেশন কাপের গত আসরে ফাইনাল খেলেছিল। চ্যাম্পিয়ন হয়েছিল বসুন্ধরা কিংস। যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই আবার দুই দল মুখোমুখি হলো, শুরু হলো খেলা। কালকের জয়ে গ্রুপ পর্বে কোয়ার্টার ফাইনালের পথে এক পা দিয়ে রাখল টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। গ্রুপের অন্যদল চট্টগ্রাম আবাহনী।

করোনার কারণে টুর্নামেন্ট আয়োজক বাফুফে খুব সাবধান ছিল। করোনা টেস্ট করিয়ে মাঠে নামতে হয়েছে। কেউ যদি মিথ্যার আশ্রয় নিয়ে করোনা আক্রান্ত ব্যক্তি মাঠে নামার চেষ্টা করেন তাহলে তার বিপক্ষে বাফুফে কঠোর ব্যবস্থা নেবে। তাই খুব সাবধানে পা ফেলছে ক্লাব ফুটবলাররা।

১৫ মার্চ প্রিমিয়ার লিগ স্থগিত হয়েছিল করোনার আক্রমণে। শেষ পর্যন্ত সেই লিগ বাতিলই হয়ে গেল। এবার নতুন মৌসুম দিয়ে আবার ফুটবলের দুয়ার খুলল। খেলোয়াড়রাও যেন দমবন্ধ পরিবেশ হতে বাইরের আলোয় মুক্ত হলেন। স্টেডিয়ামের সবুজ ঘাসে পা দিয়ে খেলোয়াড়রাও প্রশান্তি খুঁজে পেয়েছেন।

বসুন্ধরা বড় দল। বড় বাজেটের দল। তাদের আছে কাড়ি কাড়ি অর্থ। সেই তুলনায় রহমতঞ্জ ততটা শক্তিশালী না। তারপরও মাঠের লড়াইয়েও খুব বেশি তেজ দেখাতে পারেনি পুরান ঢাকার দলটি। বসুন্ধরায় খেলছেন ব্রাজিল, আর্জেন্টিনার খেলোয়াড়রা। তাদের শক্তির সঙ্গে মাসুক মিয়া জনি, সুফিলদের সঙ্গে পেরে উঠারও সুযোগ ছিল না রহমতগঞ্জের।

দাপুটে ফুটবলই খেলেছে বসুন্ধরা। কোচ গোলাম জিলানীর রহমতগঞ্জের ঘরের আঙিনায় বেশির ভাগ সময় কেটেছে বসুন্ধরার। ফাঁকে ফাঁকে রহমতগঞ্জ উঠে গেলেও মোটেও তা বলার মতো কিছু ছিল না। অনেক অপেক্ষার পর বসুন্ধরার ব্রাজিলিয়ান জোনাথন সিলভেইরা ফার্নান্দোজের সেটপিসের বল লাফিয়ে উঠে রহমতগঞ্জের জালে ফেলেন অস্কার ১-০। ফার্নান্দোজ নিজেও গোল করতে পারেতেন দ্বিতীয়ার্ধের শুরুতে। রহমতগঞ্জের অধিনায়ক গোলকিপার লিটনকে একা পেয়েও ব্যর্থ হয়েছেন তিনি। এরপরও রহমতগঞ্জের ডিফেন্ডার কিরনের অমার্জনীয় ভুলে বল কেড়ে নিয়ে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবিনহো ২-০। ৬৪ মিনিটে রহমতগঞ্জ আত্মঘাতী গোলে আরো পিছিয়ে যায়, সর্বনাশ হয়। বসুন্ধরা ৩-০ গোলে হারায় রহমতগঞ্জকে। প্রথম ম্যাচে জয় পেয়ে খুশি বসুন্ধরার স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন।  আর রহমতগঞ্জের কোচ জিলানী মনে করছেন অনেক দিন পর খেলা এখনো নিজেদের গড়ে তুলতে পারেনি নানা কারণে।

আজকের খেলা :

সাইফ স্পোর্টিং-উত্তর বারিধারা, বিকাল ৩টা ১৫

আরামবাগ-ব্রাদার্স, সন্ধ্যা ৫টা ৪৫ ; ভেন্যু : বঙ্গবন্ধু স্টেডিয়াম।

 

 

০