শোক সংবাদ

আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ২১:৫৪

মোজাম্মেল হক খান রতন

মুক্তিযুদ্ধের সংগঠক, কিশোরগঞ্জ জেলা ন্যাপের সভাপতি ও জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোজাম্মেল হক খান রতন (৭২) দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে সোমবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বাদ জোহর জেলা শহরের শহীদী মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার গ্রামের বাড়ি নিকলী উপজেলার নানশ্রী গ্রামে দ্বিতীয় জানাজার পর রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহ আজিজুল হক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. সহিদুল আলম গভীর শোক প্রকাশ করেছেন।

দেলোয়ার হোসেন

ঝালকাঠির নলছিটি প্রেসক্লাবের সাবেক সভাপতি, বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিলের ঝালকাঠি জেলার প্রেসিডেন্ট ও সাবেক জিপি অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন (৬৭) গত সোমবার সন্ধ্যায় ঢাকায় নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজেউন)। গতকাল মঙ্গলবার বিকালে মরহুমের জানাজা শেষে নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের ফয়রা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

গোলাম মোস্তাফা খান

বাংলাদেশ লেবার পার্টির সাবেক সভাপতি, বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সাবেক নায়েবে আমির ঝালকাঠির নলছিটি উপজেলা সদরস্থ মাওলানা গোলাম মোস্তাফা খান মহিলা কলেজসহ অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মাওলানা গোলাম মোস্তাফা খান গতকাল ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল আসর নামাজবাদ ঢাকা মোহাম্মদপুরস্থ জহুরী মহল্লার মরহুমের প্রথম জানাজা, আজ বুধবার, জোহর নামাজবাদ দ্বিতীয় জানাজা নলছিটিস্থ হাইস্কুল মাঠে এবং আসর নামাজবাদ তৃতীয় জানাজা তার সুবিদপুরস্থ গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে।

মাওলানা আবু তাহের

বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম মাহাবুবের পিতা ও গৈলা দাখিল মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা আবু তাহের (৯৬) বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিত্সারত অবস্থায় মঙ্গলবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। মঙ্গলবার বাদ আসর জানাজা শেষে উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিণ শিহিপাশা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

 

০