বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর গেট ভাঙচুরের অভিযোগ

মঠবাড়িয়ায় যুবদলের কর্মী সমাবেশে হামলা, আহত অর্ধশত 

আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ২২:১৪

পিরোজপুরের মঠবাড়িয়ায় যুবদলের কর্মী সমাবেশ ও বিএনপি নেতার বাসভবনে হামলার ঘটনা ঘটেছে।  এতে  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন বিএনপি। 

মঙ্গলবার উপজেলা সদরে বিএনপি নেতার বাসভবনে যুবদলের কর্মীসভায় বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই দফা এ হামলার ঘটনা ঘটে। এ হামলার জন্য বিএনপির পক্ষ হতে আওয়ামী লীগের একাংশকে দায়ী করা হচ্ছে। 

তবে আওয়ামী লীগের পক্ষ হতে দাবি করা হয়েছে- বিএনপি কর্মী সমাবেশে বঙ্গবন্ধুর ও শেখ হাসিনার বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দিয়ে উপজেলা পরিষদের সম্মুখে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর ক্ষণ গণনার গেট ভাঙচুর করেছে। 

আহত বিএনপি নেতা জসিম ফরাজী ও সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি মাইনুল ইসলামকে গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

আরো পড়ুন : আসছে নতুন করোনা ভাইরাস

বিএনপি নেতারা জানান, সকাল ১০টার দিকে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক রুহুল আমীন দুলালের বাস ভবনে যুবদলের কর্মী সভার আয়োজন করা হয়। এই সভায় যুবদলের বরিশাল অঞ্চলের সাংগঠনিক টিমের দায়িত্বে থাকা যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোনায়েম মুন্নার নেতৃত্বে ঢাকা থেকে একটি টিম যোগ দেয়। পরে সভা শুরু হলে আওয়ামী লীগের একদল নেতাকর্মীরা সভাস্থলে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন দুলালসহ অর্ধশত নেতা কর্মী আহত হন। পরে যুবদলের নেতাকর্মীরা ইটপাটকেল ছুড়লে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। পরে বিএনপি নেতার বাসভবনে ভাঙচুর করা হয়। 

এদিকে উপজেলা আওয়ামী লীগ মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স মিলনায়তনে সংবাদ সম্মেলন করে দাবি করেন, বিএনপি উত্তেজনা ছড়াতে পরিকল্পিতভাবে যুবদলের কর্মী সমাবেশের আয়োজন করে। এ সময় তারা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার বিরুদ্ধে অশ্লীল শ্লোগান দেয়। কর্মী সমাবেশ লাগোয়া উপজেলা পরিষদের সম্মুখে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর গেটে জাতির জনকের ছবিতে ইটপাটকেল নিক্ষেপ করে ক্ষতি সাধন করে। 

এ বিষয়ে বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন দুলাল অভিযোগ করেন, আওয়ামী লীগের একাংশ পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। যুবদলের কর্মী সমাবেশ পণ্ড করেতে তারা এ হামলার ঘটনা ঘটিয়েছে।
 
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফ উল হক বলেন, তারা উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর ছবিতে ইটপাটকেল নিক্ষেপ করে এবং শেখ হাসিনার বিরুদ্ধে অশ্লীল শ্লোগান দেয়।   

এ বিষয়ে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুজ্জামান বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিরাপত্তার স্বার্থে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 


ইত্তেফাক/ইউবি