রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলাধীন নবীনগর বারহাটী জনবহুল ও বর্ধিষ্ণু গ্রাম। এখানে রয়েছে উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, হাফেজিয়া মাদ্রাসা, আলিয়া মাদরাসা ছাড়াও সরকারি-বেসরকারি নানা শিক্ষাপ্রতিষ্ঠান। প্রায় ৮০ শতাংশ মানুষ শিক্ষিত। শিক্ষা-দীক্ষায় অন্যান্য অঞ্চলের তুলনায় এলাকাটি বেশ অগ্রসর। কিন্তু এখানে কোনো পাঠাগার নেই। অনেক দরিদ্র শিক্ষার্থী রয়েছে, যাদের বই কিনে পড়ার মতো সামর্থ্য নেই। জ্ঞানপিপাসু ও শিক্ষার্থীদের বহুদূরে জেলা শহরে গিয়ে বই, পত্রপত্রিকা সংগ্রহ করতে হয়। এলাকায় একটি পাঠাগার থাকলে তারা বইপত্র, পত্রিকা নিয়মিত পড়ার সুযোগ পেত। প্রমথ চৌধুরীর মতে, ‘লাইব্রেরি হচ্ছে এক ধরনের মনের হাসপাতাল।’ পুঁথিগত বিদ্যার ভারে জেরবার ছাত্রসমাজের মানসিক প্রশান্তির জন্য পাঠাগার অপরিহার্য। বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে ও বহুমুখী শিক্ষা বিস্তারে লক্ষ্য রেখে উপজেলা পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে পাঠাগার স্থাপনের উদ্যোগ নিলেও তা কাগজ-কলমেই সীমাবদ্ধ। আশা করি, আলোকিত সমাজ গঠন ও বিদ্যানুরাগীদের জ্ঞানপিপাসা মেটাতে এখানে একটি পাঠাগার স্থাপনের জন্য কর্তৃপক্ষ উদ্যোগী হবেন।
মো. আবদুল হাকিম জুবাইর
নবীনগর, গোদাগাড়ী, রাজশাহী
