সিপিএফদের ভাতা

আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ২২:২০

সরকার প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য যখন যে ভাতা বা আর্থিক সুবিধা প্রচলন করেছে, তখনই তা জিপিএফ সিপিএফ নির্বিশেষে সরকারি, আধা-সরকারি, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, সেক্টর করপোরেশন এবং স্ব-শাসিত সংস্থার নিয়মিত কর্মকর্তা-কর্মচারীগণ ভোগ করেছেন। কিন্তু তাঁদের অবসর গ্রহণের পর শুধু জিপিএফভুক্তরা এবং মৃত্যুর পর তাঁদের পরিবার চিকিত্সাভাতা, উত্সবভাতা ও বাংলা নববর্ষভাতা পেয়ে থাকেন। সিপিএফরা কিছুই পান না। অর্থ মন্ত্রণালয়ের এক ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত সিপিএফভুক্ত কর্মকর্তা-কর্মচারীগণ জুলাই ২০১৭ থেকে এবং তাঁদের মতো রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর অবসরপ্রাপ্ত সিপিএফভুক্তরাও এইসব ভাতা পাচ্ছেন। কিন্তু এখনো কোনো ভাতা পাচ্ছেন না অন্যান্য রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত সিপিএফভুক্ত এবং মৃত সিপিএফভুক্ত কর্মচারীদের পরিবার অর্থাত্ তাঁদের বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী বা প্রতিবন্ধী সন্তান। প্রসঙ্গত, এ পর্যন্ত ঘোষিত কোনো ভাতাই কর্মচারীদের প্রভিডেন্ড ফান্ড জিপিএফ বা সিপিএফ-এর সঙ্গে সম্পর্কিত নয়। যেহেতু চাকরি অবস্থায় সবাই সমহারে সব ভাতা ভোগ করে থাকেন, সেহেতু অবসরের পরে এ বিষয়ে অযথা বিভাজন সৃষ্টি করা কোনোক্রমেই কাম্য নয়। পরিশেষে, সরকার তথা অর্থ মন্ত্রণালয় বরাবর বিনীত আবেদন এই যে—সমস্ত সরকারি, আধা-সরকারি, রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠান, সেক্টর করপোরেশন এবং স্ব-শাসিত সংস্থার সিপিএফভুক্ত অবসরপ্রাপ্ত কর্মচারী এবং মৃত কর্মচারীদের পরিবারকে সব ভাতা যখন যা ঘোষণা করা হয় তা প্রদান করা হোক।

ওয়াহিদুল ইসলাম আখন্দ

৫৭০/১-বি, সেনপাড়া-পর্বতা, ঢাকা ১২১৬