ফুলবাড়ীতে মালবাহী ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে কর্তব্যরত গেটম্যান সুশান্ত কুমার দাস (২৮) নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১টা ৫ মিনিটে ফুলবাড়ী-রংপুর মহাসড়কের রেল ঘুমটিতে এ ঘটনা ঘটে। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন স্টেশনে দাঁড়িয়ে থাকা খুলনা থেকে চিলাহাটিগামী ২৩ আপ রকেট মেইল ট্রেনের যাত্রীরা। সুশান্ত কুমার দাস পাবনার ঈশ্বরদীর বাসিন্দা ছিলেন। দুর্ঘটনার কারণে ৫ ঘণ্টা পর গতকাল মঙ্গলবার সকালে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ দুর্ঘটনার প্রায় সাড়ে ১৪ ঘণ্টার ব্যবধানে গতকাল একই স্থানে খুলনা থেকে চিলাহাটিগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনটি পূর্বের দুর্ঘটনার শিকার ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে লাইনচ্যুত হয়। এতে হতাহতের ঘটনা ঘটেনি। তবে ফুলবাড়ীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ফুলবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার ইসরাফিল সরকার জানান, সোমবার রাত ১টার দিকে বিরামপুর থেকে ২৩ আপ একটি মালবাহী ট্রেন ফুলবাড়ী স্টেশনের ১ নম্বর লাইনে প্রবেশ করে। কিন্তু এর ১ মিনিট পরে পার্বতীপুর থেকে আসা এমজিবিসি নামক মালবাহী ট্রেনটি স্টেশনের অনুমতি না নিয়ে স্টেশনের ১ নম্বর লাইনে প্রবেশের চেষ্টা করে। এ সময় স্টেশন থেকে ৫০০ গজ উত্তর দিকে ফুলবাড়ী রেল ঘুমটি নামক স্থানে ঠাকুরগাঁও থেকে বগুড়াগামী চালবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৯৭১৩) ট্রেনটিকে ধাক্কা দেয়। এ সময় ছিটকে গেলে কর্তব্যরত গেটম্যান সুশান্ত কুমার দাস ট্রাকের নিচে চাপা পড়ে মারা যান।
