পিরোজপুরের মঠবাড়িয়ায় যুবদলের কর্মী সমাবেশ ও বিএনপি নেতার বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয় বলে দাবি করেছে বিএনপি। এ হামলার ঘটনায় বিএনপির পক্ষ থেকে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আশরাফ সমর্থিত ছাত্রলীগ-যুবলীগকে দায়ী করা হয়েছে। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিএনপির কর্মী সমাবেশে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দিয়ে উপজেলা পরিষদের সম্মুখে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণ গণনার গেট ভাঙচুর করেছে। এ ঘটনায় আহত বিএনপি নেতা জসিম ফরাজী ও সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি মাইনুল ইসলামকে গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বিএনপি নেতারা জানান, গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন দুলালের বাসভবনে যুবদলের কর্মিসভার আয়োজন করা হয়। সভায় যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি মোনায়েম মুন্নার নেতৃত্বে ঢাকা থেকে একটি টিম যোগ দেয়। পরে যুবলীগ-ছাত্রলীগের একদল নেতাকর্মী সভাস্থলে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে রুহুল আমীন দুলালসহ বিএনপি যুবদলের অর্ধশত নেতাকর্মী আহত হন। পরে যুবদলের নেতাকর্মীরা ইটপাটকেল ছুড়ে হামলা প্রতিহতের চেষ্টা চালায়। এ সময় পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে। দ্বিতীয় দফায় বিক্ষুব্ধ ছাত্রলীগ যুবলীগ কর্মীরা বিএনপি নেতার বাসভবনে প্রবেশ করে ভাঙচুর চালায় বলে অভিযোগ করা হয়।
তবে উপজেলা আওয়ামী লীগ বিকালে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স মিলনায়তনে সংবাদ সম্মেলনে দাবি করে উত্তেজনা ছড়াতে বিএনপি পরিকল্পিতভাবে যুবদলের এ কর্মী সমাবেশের আয়োজন করে। এ সময় তারা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার বিরুদ্ধে অশ্লীল স্লোগান দেয় এবং উপজেলা পরিষদের সম্মুখে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর গেটে জাতির পিতার ছবিতে ইটপাটকেল নিক্ষেপ করে। এ বিষয়ে মঠবাড়িয়া থানার ওসি মো. মাসুদুজ্জামান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। নিরাপত্তার স্বার্থে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
