সিলেটে তেল ব্যবসায়ীরা ছয় দফা দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। গত সোমবার রাতে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের এক জরুরি সভায় ছয় দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়। সভায় বলা হয়, অবিলম্বে তাদের দাবি পূরণ না হলে ২৭ ডিসেম্বর থেকে তারা অনির্দিষ্টকালের ধর্মঘটে যাবেন।
ভোক্তা অধিকারের কর্মকর্তা আমিরুল ইসলাম মাসুদকে প্রত্যাহারসহ তাদের অন্য দাবিগুলো হচ্ছে, জ্বালানি তেল বিপণন কোম্পানি কর্তৃক নিম্নমানের পেট্রোল সরবরাহ বন্ধ এবং পূর্বের ন্যায় সিলেট গ্যাসফিল্ডের উন্নত মানের পেট্রোল সরবরাহ, জ্বালানি তেলের মান নিয়ন্ত্রণ করার জন্য সিলেটের প্রতিটি ডিপোতে অবিলম্বে জ্বালানি তেল টেস্টিং ল্যাব স্থাপন, বিভিন্ন সরকারি সংস্থা কর্তৃক ‘অন্যায় ও উদ্দেশ্যমূলক হয়রানি’ আচরণ বন্ধ, সরকারি অধিদপ্তর কর্তৃক পেট্রোল পাম্পে অভিযান পরিচালনাকালে অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ও তেল বিপণন কোম্পানির প্রতিনিধির উপস্থিতি নিশ্চিত করা এবং সরকারি অধিদপ্তর কর্তৃক প্রদত্ত লাইসেন্সসমূহ নবায়নের প্রক্রিয়া সহজীকরণ।
সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ মো. মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী ছয়টি দাবি উত্থাপন করেন।
