চিকিত্সকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

সিদ্ধেশ্বরীতে মনোয়ারা হাসপাতালে ভাঙচুর

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ০০:২০

রাজধানীর সিদ্ধেশ্বরীর মনোয়ারা হাসপাতালে চিকিত্সকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগে ঐ হাসপাতালে ভাঙচুর করেছে রোগীর স্বজনরা। মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। স্বজনরা হাসপাতালের আসবাবপত্র ও জানালা-দরজার কাচ ভাঙচুর করে। ভাঙচুরের এক পর্যায়ে হাসপাতাল থেকে চিকিত্সক ও নার্সরা পালিয়ে যান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রমনা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, রবিবার সেগুনবাগিচার ব্যবসায়ী সিরাজুল ইসলাম (৭০) মনোয়ারা হাসপাতালে ভর্তি হন। পড়ে গিয়ে তার এক হাঁটু ক্ষতিগ্রস্ত হয়। হাসপাতালের অর্থপেডিক্স বিভাগের অধ্যাপক ইসহাকের অধীন তিনি ভর্তি হন। মঙ্গলবার বিকালে তার হাঁটুতে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়। অপারেশন চলাকালে রোগীর সেখানেই মৃত্যু হয়। এই খবর পেয়ে রোগীর আত্মীয়-স্বজনরা উত্তেজিত হয়ে পড়েন। তারা ভুল চিকিত্সার অভিযোগ এনে হাসপাতালে ভাঙচুর চালায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।