কামরাঙ্গীরচরে ছাদের রেলিং ভেঙে নিহত ১

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ০০:২১

রাজধানীর কামরাঙ্গীরচরে বাসার রেলিং ভেঙে নিচে পড়ে রাফেজা বেগম রাশেদা (৩৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে কামরাঙ্গীরচর রনি মার্কেট এলাকার সুমন কমিউনিটি সেন্টারের পাশের একটি বাড়িতে দুর্ঘটনাটি ঘটে। নিহতের বড় বোন শাহনাজ বেগম জানান, গতকাল সকালে রাশেদা ছয়তলা বাড়ির ছাদে যান লেপ-তোশক শুকাতে। তখন ছাদের একপাশের রেলিংয়ের কিছু অংশ ভেঙে তিনি নিচে পড়ে যান। স্বজনরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।

এদিকে রাজধানীর রায়েরবাজার মধুবাজারে ছুরিকাঘাতে দুই স্কুলছাত্র আহত হয়েছে। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে। আহতরা হলেন রায়েরবাজার সালেহ হক পাবলিক স্কুলের দশম শ্রেণির ছাত্র রিফাত মোল্লা (১৭) ও রাহাত (১৭)। আহতরা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় তারা চার বন্ধু মিলে মধুবাজারে রাস্তার পাশে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিল। তখন ২০/২৫ কিশোর ধারালো দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত আক্রমণ করে।