আগৈলঝাড়ায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে স্কুলশিক্ষক নিহত

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ১৬:৫২

বরিশালের আগৈলঝাড়ায় ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো এক শিক্ষক। বুধবার দুপুরে আগৈলঝাড়া-রাজিহার সড়কের বাঘপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। 

নিহত ওই স্কুল শিক্ষকের নাম বাসুদেব  (৪৫) বিশ্বাস। তিনি রাজিহার ইউনিয়নের রামানন্দেরআঁক গ্রামের হীরালাল বিশ্বাসের ছেলে এবং রাংতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আহত ওপর শিক্ষক একই স্কুলের প্রধান শিক্ষক বাবুল সরদার (৫০)।

আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম ছরোয়ার জানান, উপজেলা শিক্ষা অফিস থেকে শিক্ষার্থীদের নতুন বছরের নতুন বই উত্তোলন করে ভ্যানযোগে পাঠিয়ে দিয়ে মোটরসাইকেলযোগে নিজের স্কুলে ফিরছিলেন রাংতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল সরদার ও ওই স্কুলের সহকারী শিক্ষক বাসুদেব বিশ্বাস । পথিমধ্যে আগৈলঝাড়া-রাজিহার সড়কের বাঘপাড়া নামক স্থানে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাবুল সরদার ও বাসুদেব বিশ্বাস গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. সৈকত জয়ধর বাসুদেব বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। 

গুরুতর আহত অপর শিক্ষক বাবুল সরদারকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে ফিরে এসআই আলী হোসেন জানান, ঘাতক ট্রাক পালিয়ে গেছে। বিষয়টি আইনগতভাবে দেখা হচ্ছে।

ইত্তেফাক/এএএম