বাংলাদেশের অতীতের যত ঐতিহাসিক বাঁক,
তার প্রতিটির রক্তে বইছে দৈনিক ইত্তেফাক।
যত সংগ্রাম এই ইতিহাসে ষাট থেকে সত্তুর,
সবটাতে সবসময় বেজেছে ইত্তেফাকের সুর।
ভাষার লড়াই, যুক্তফ্রন্ট যে করেছিল জয়লাভ,
তার পক্ষেই ইত্তেফাকের দৃপ্ত আবির্ভাব।
ইত্তেফাকের পাতায় পাতায় খবরের অন্তর
মানুষের মনে জাগিয়ে দিয়েছে মুক্তির মহাঝড়।
আইয়ুব খানের আরোহন, দেশে বিশাল বিপর্যয়,
তার প্রতিবাদে ইত্তেফাকের কণ্ঠে ছিল না ভয়।
ছয় দফা দাবি স্বাধিকার চেয়ে বাজল যে জয়গান
ইত্তেফাকই নিয়েছিল তার পক্ষে অবস্থান।
আগরতলার ষড়যন্ত্রের মামলার যত ভাঁজ
খুলে সত্যকে তুলে ধরা ছিল ইত্তেফাকের কাজ।
ঊনসত্তরে অভ্যুত্থান, সত্তুরে দেশে ভোট,
শেখ মুজিবের সঙ্গে তখন ইত্তেফাকের জোট।
ইতিহাসে ছিল প্রতিরোধহীন ইত্তেফাকের রথ
ছড়িয়ে দিয়েছে মুক্তিপাগল গণমানুষের মত।
বঙ্গবন্ধু, মানিক মিয়া ও ইত্তেফাক এই ত্রয়
এক পথে ছিল যে পথে বাংলাদেশের অভ্যুদয়।
