বিনোদন রিপোর্ট
নিজের অতীত বা স্ট্রাগলের গল্পে অনেকেই খানিক ভনিতা করে বলেন বা এড়িয়ে চলেন। কিন্তু এ সময়ের সফল এবং ডিজে প্রজন্মের আইডল ডিজে রাহাত জাগো এফএম-এর রাতাড্ডায় অকপটে বললেন নিজের কষ্টে পোড়া জীবনের গল্প। একইসঙ্গে বন্ধু সহযোগীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করলেন।
ডিজে রাহাত বলেন, ‘নিজের শহর পাবনা থেকে ঢাকা শহরে প্রথম আমাকে আসার জন্য উত্সাহ দেয় অপু মাহফুজ। এরপর ঢাকায় প্রথমদিকে এলে তার বাসাতেই উঠতাম। তার পরামর্শ, ভালোবাসা না পেলে হয়তো আজকের ডিজে রাহাত হয়ে ওঠা হতো না আমার।’
উল্লেখ্য, অপু মাহফুজকে চ্যানেল আইয়ের প্রখ্যাত উপস্থাপক, নির্মাতা হিসেবে চিনলেও এদেশের পথিকৃত ডিজেদের একজন তিনি। অপু মাহফুজ বলেন, ‘আসলে একজন মানুষ তার নিষ্ঠার ভেতর দিয়েই সফলতা পায়। ডিজে রাহাতও তাই। হয়তো আমি তার কাজকে উত্সাহ দিয়েছি। তবে এই কৃতজ্ঞতাবোধও একজন উত্তম মানুষের উদাহরণ।’
ডিজে রাহাত নিজের জীবনের গল্প বলতে গিয়ে বলেন, ‘পাবনা শহরে বিয়েবাড়ির ভিডিওগ্রাফার হিসেবে কাজ শুরু করেছিলাম নিজের উপার্জনে বাঁচবো বলে। স্বপ্ন ছিল একজন আনোয়ার হোসেন বুলুর মতো সফল চিত্রগ্রাহক হওয়া। কিন্তু ঢাকা শহরের নানা বাঁক বদল স্বপ্ন ও চলার পথ বদলে দেয়।’
উল্লেখ্য, ডিজে রাহাত দেশ-বিদেশে অগণিত স্টেজ মাতিয়েছেন। তবে নিজের ক্যারিয়ারের টার্নিং ইস্যু হিসেবে তিনি ফ্যান্টাসি কিংডমে টানা কয়েকবছরের ওপেন স্টেজ শোর কথা বলতে চান। রাহাত বলেন, ‘ডিজে ট্রেন্ডকে সাধারণ শ্রোতা-দর্শকদের কাছে জনপ্রিয় করে তোলার জন্য এই ধারাবাহিক শোটি ছিল দারুণ গুরুত্বপূর্ণ।’ নতুন কাজ প্রসঙ্গে ডিজে রাহাত বলেন, ‘সামনে অনেকগুলো গানের প্রজেক্ট নিয়ে কাজ করছি। বরাবরই বাংলা গানকে নতুন প্রজন্মের মনের ভেতরে গেঁথে দেওয়ার প্রত্যয় নিয়েই কাজ করি। এবারও তেমনই কিছু চমক থাকবে।’
