ইত্তেফাক ডেস্ক
রাজৈরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে আরো ৯ জন নিহত হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
টেকেরহাট (মাদারীপুর) :রাজৈরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে শাহিন ফকির (২৫), শাকিল ফকির (২৪) ও অনিক মুন্সী (২০) নামে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার আলমদস্তা নামক স্থানে এ ঘটনা ঘটে। রাজৈর থানার ওসি শেখ সাদি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বরিশাল অফিস : মঙ্গলবার রাত ১১টার দিকে বাবুগঞ্জ উপজেলার নতুন হাট এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ইউনিয়ন পরিষদের সদস্যসহ দুই জন নিহত হয়েছেন। বুধবার তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। নিহতরা হলেন দেহেরগতি ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও বিএনপি নেতা মো. শাহিন হোসেন (৪৫) এবং কলেজছাত্র মো. রায়হান (১৭)। বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) :চাটখিল-রামগঞ্জ সড়কের মুন্সী রাস্তার মাথায় বুধবার সকালে পিকাপের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার (মিশুক) চালকসহ দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো এক জন। নিহতরা হচ্ছেন—অটোরিকশাচালক ইদ্রিস মিয়া (৪০) ও যাত্রী সুলতানা আক্তার (২০)। চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, পিকাপভ্যানের চালক পলাতক রয়েছে।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) :ত্রুটিপূর্ণ বাস মেরামতকালে বাসের নিচে চাপা পড়ে রাশেদুল ইসলাম (২৬) নামে এক মটর মেকানিক নিহত হয়েছে। বুধবার দুপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে চান্দাইকোনা ফিলিং স্টেশনের পাশে একটি মটর গ্যারেজে এই ঘটনা ঘটে। সে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের পশ্চিমলক্ষ্মীকোলা গ্রামের আব্দুস সামাদের ছেলে।
আগৈলঝাড়া (বরিশাল) :আগৈলঝাড়া-রাজিহার সড়কের বাঘপাড়া নামক স্থানে বুধবার ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাসুদেব বিশ্বাস (৪৫) ও বাবুল সরদার নামে দুই শিক্ষক নিহত হয়েছেন। থানা অফিসার ইনচার্জ মো. গোলাম ছরোয়ার বিষয়টি নিশ্চিত করেন।
সৈয়দপুর (নীলফামারী) :সৈয়দপুর-দিনাজপুর বাইপাস সড়কের ধলাগাছ মতির মোড় মঙ্গলবার সন্ধ্যায় নৈশকোচের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সাগর (২২) নামে এক জন নিহত হয়েছে। সে শহরের নিয়ামতপুর সরকারপাড়া (ডাক্তারপাড়া) এলাকার মো. ওবায়দুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান।
জামালপুর : সরিষাবাড়ী উপজেলায় সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কবির হোসেন (৫০) নামে ঐ সিএনজির চালকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে পিংনা ইউনিয়নের পদ্মপুর এলাকার সরিষাবাড়ী-তারাকান্দি-ভুয়াপুর রোডে এ দুর্ঘটনা ঘটে। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলূল করিম বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি আমি শুনেছি।
