শেয়ারবাজার

ডিএসইতে তিন মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ২১:৫১

ইত্তেফাক রিপোর্ট

সপ্তাহের চতুর্থ কার্যদিবস গতকাল বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্য সূচকের উত্থান হয়েছে। মূল্য সূচকের উত্থান হলেও দুই বাজারেই লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। তবে ডিএসইতে মোটা অঙ্কের লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে ১ হাজার ২৪০ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের কার্যদিবস থেকে ২৬৪ কোটি ৮৪ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৯৭৫ কোটি ৫১ লাখ টাকার। ডিএসইতে গতকাল লেনদেন তিন মাস ১০ দিন বা ৭১ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ১৩ সেপ্টেম্বর গতকালের চেয়ে বেশি লেনদেন হয়েছিল। ঐ দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৩২৯ কোটি ৭২ লাখ টাকার।

গতকাল দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৩৩ পয়েন্টে উঠে এসেছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৬ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ২৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৩৬ পয়েন্টে উঠে এসেছে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৯৪ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ১৬৯টি এবং ৯১টির দাম অপরিবর্তিত রয়েছে।

টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ১৩৫ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার ৮৩ কোটি ৪৩ লাখ টাকার লেনদেন হয়েছে। ৪৭ কোটি ৫৯ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে লাফার্জহোলসিম।

এছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—আইএফআইসি ব্যাংক, রিপাবলিক ইনসিওরেন্স, ওরিয়ন ফার্মা, রূপালী ইনসিওরেন্স, বাংলাদেশ সাবমেরিন কেবলস, ফরচুন সুজ এবং স্কয়ার ফার্মাসিউটিক্যাল।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই বেড়েছে ৯০ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৫২ কোটি ৯ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৬টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৩৬টির এবং ৬৪টির দাম অপরিবর্তিত রয়েছে।