চায়না চেম্বার ও ইআরএফ অ্যাওয়ার্ড ঘোষণা

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ২১:৫২

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশ ও চীনের বিকাশমান অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক গণমাধ্যমে তুলে ধরতে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) বিসিসিসিআই-ইআরএফ বার্ষিক অ্যাওয়ার্ড চালুর ঘোষণা দিয়েছে। গত মঙ্গলবার দুই সংগঠনের মধ্যে অনুষ্ঠিত এক সভায় এই ঘোষণা দেওয়া হয়। বাণিজ্য, বিনিয়োগ, উদ্ভাবন, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও পর্যটন খাতে প্রিন্ট, টেলিভিশন এবং অনলাইন বিভাগে সেরা প্রতিবেদনের জন্য ১০টি অ্যাওয়ার্ড দেওয়া হবে। প্রত্যেক অ্যাওয়ার্ড বিজয়ী ৫০ হাজার টাকা ও সম্মাননা স্মারক পাবেন। ১ জানুয়ারি ২০২০ থেকে ৩০ জানুয়ারি ২০২১-এর মধ্যে প্রকাশিত প্রতিবেদন প্রথম ধাপের অ্যাওয়ার্ডের জন্য বিবেচিত হবে। ঢাকায় পুরানা পল্টন ইআরএফ কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিসিসিসিআই যুগ্ম সম্পাদক আল মামুন মৃধা ও ইআরএফ সভাপতি শারমিন রিনভী নিজ নিজ সংগঠনের পক্ষে নেতৃত্ব দেন। বৈঠকে ইআরএফ সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম, সহসভাপতি শফিকুল আলম, অর্থ সম্পাদক রেজাউল হক কৌশিক, কার্যনির্বাহী কমিটির সদস্য সিরাজুল ইসলাম কাদির ও রহিম শেখ এবং বিসিসিসিআইয়ের অফিস সেক্রেটারি আবু তাহের উপস্থিত ছিলেন।