অনন্য উচ্চতায় মেসি

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ২১:৫৪

এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল

স্পোর্টস ডেস্ক

২০১২ সালের ২২ ডিসেম্বর, বছরের ৯১তম গোলটি করে এক বছরে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড স্থাপন করেছিলেন বার্সেলোনা তারকা লিওনেল মেসি। আট বছর পর ঠিক এই দিনে এসেই কিংবদন্তি ফুটবলার পেলের সবচেয়ে অনন্য রেকর্ডটি ভাঙলেন এই আর্জেন্টাইন। মঙ্গলবার রিয়াল ভায়াদলিদের বিপক্ষে ম্যাচের ৬৫তম মিনিটে বার্সেলোনার জার্সিতে নিজের ৬৪৪তম গোলটি করে স্থাপন করলেন এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল করার অভাবনীয় এক রেকর্ড।  তার এই রেকর্ডের রাতে ভায়াদলিদকে ৩-০ গোলে হারিয়েছে বার্সা।

সর্বকালের অন্যতম সেরা ফুটবলার, ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে সান্তোসে যোগ দিয়েছিলেন ১৯৫৬ সালে, ১৫ বছর বয়সে। সেখানে মোট ১৯ মৌসুম খেলে করেছিলেন ৬৪৩টি গোল। প্রায় অর্ধশতাব্দী পরে এই রেকর্ড ভাঙলেন মেসি, পেলের চেয়ে দুই মৌসুম কম খেলেই। মাত্র ১৩ বছর বয়সে বার্সায় যোগ দেওয়া মেসির প্রতিযোগিতামূলক অভিষেক হয় ২০০৪ সালে, ১৭ বছর বয়সে। অভাবনীয় এই রেকর্ড ভাঙতে পেরে অভিভূত মেসি নিজেও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের উদ্দেশে দেওয়া এক বার্তায় তিনি লিখেছেন, ‘আমি যখন ফুটবল খেলা শুরু করেছিলাম, তখন কোনো রেকর্ড ভাঙার চিন্তা আমার মাথায় আসেনি। পেলের এই রেকর্ড ভাঙার চিন্তা তো অবশ্যই না। আমার এই দীর্ঘ যাত্রায় যারা আমাকে সাহায্য করেছেন তাদের এখন শুধু ধন্যবাদ জানাতে পারি আমি—আমার সতীর্থরা, আমার পরিবার, আমার বন্ধুবান্ধব এবং যারা প্রতিদিন আমাকে সমর্থন দিয়ে যাচ্ছে।’ মেসির এই রেকর্ড কতটা অভাবনীয় সেটা বর্ণনা করেছেন সাবেক ইংলিশ ফুটবলার গ্যারি লিনেকার, ‘মেসির এই ৬৪৪ গোলের রেকর্ড কাউকে ভাঙতে হলে, তাকে এক ক্লাবের হয়ে প্রতি বছরে গড়ে ৪৩টি গোল করতে হবে, ১৫ বছর জুড়ে।’