আরামবাগ এবং সাইফের জয়

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ২১:৫৫

স্পোর্টস রিপোর্টার

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফেডারেশন কাপ ফুটবলে আরামবাগ এবং সাইফ স্পোর্টিং ক্লাব জয় পেয়েছে। গতকাল বিকালে অনুষ্ঠিত নিজেদের প্রথম ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাব ৩-০ গোলে হারিয়েছে উত্তর বারিধারা ক্লাবকে। তিন গোল হয়েছে দ্বিতীয়ার্ধে। সাইফের ভাগ্য ভালো, ম্যাচের ৪৯ মিনিটে আত্মঘাতী গোলে দুয়ার খুলে যায়। নাইজেরিয়ান স্ট্রাইকার ইকেচুকু কেনেথ এবং ৭০ মিনিটে ফয়সাল গোল করেন। দলের প্রথম জয়ে দারুণ খুশি বেলজিয়ান কোচ পল পুট।

রাতে অনুষ্ঠিত একই গ্রুপের অন্য ম্যাচে আরামবাগ ২-০ গোলে ব্রাদার্সকে হারিয়েছে। দ্বিতীয়ার্ধে গোল করেন আফ্রিকান ফুটবলার চিজোবা এবং মুরাদ। একসময় ব্রাদার্সে খেলেছিলেন স্ট্রাইকার মিজানুর রহমান ডন। তাকে সহকারী কোচ হিসেবে ডাগ আউটে দেখা গেছে। 

আজকের খেলা: শেখ রাসেল ও পুলিশ। মোহামেডান ও আবাহনী। ৪টা ৪৫ ও ৭টা ১৫, বঙ্গবন্ধু স্টেডিয়াম।