আব্দুর রাজ্জাকের মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ২১:৫৫

ইত্তেফাক রিপোর্ট

নানা আয়োজনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পানিসম্পদ মন্ত্রী আব্দুর রাজ্জাকের নবম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষ্যে গতকাল বুধবার ঢাকায় আব্দুর রাজ্জাকের কবরে শ্রদ্ধা নিবেদন, রুহের মাগফেরাত কামনায় দোয়া এবং শরীয়তপুরে দোয়া ও আলোচনাসভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

গতকাল সকালে বনানীতে আব্দুর রাজ্জাকের কবরে পরিবারের সদস্য, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন, আব্দুর রাজ্জাকের ছেলে সংসদ সদস্য নাহিম রাজ্জাক, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল আউয়াল শামীম, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা শিকদার, সাবেক ছাত্রলীগ নেতা বাহালুল মজনুন চুন্নু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোর্শেদ কামাল, যুবলীগের যুগ্ম-সম্পাদক বদিউজ্জামান বদি, কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুজ্জামান আজম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া আব্দুর রাজ্জাকের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গুলশান ১ নম্বরে ডিএনসিসি মার্কেটের সামনে স্মরণসভা অনুষ্ঠিত হয়। এ সময় আব্দুর রাজ্জাকের ছেলে সংসদ সদস্য নাহিম রাজ্জাক উপস্থিত ছিলেন।

এছাড়া ডামুড্যা প্রেসক্লাবের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গতকাল  বিকাল ৩টায় প্রেসক্লাবের সভাকক্ষে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।