উগ্র মৌলবাদীদের ক্রীড়নক হিসেবে ব্যবহার করেছে বিএনপি :তথ্যমন্ত্রী

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ২১:৫৭

ইত্তেফাক রিপোর্ট

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি সব সময় উগ্র মৌলবাদী অপশক্তিকে রাজনীতির ক্রীড়নক হিসেবে ব্যবহার করেছে।’ গতকাল জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘বঙ্গবন্ধু বাংলাদেশ’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় সমসাময়িক প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের পক্ষ অবলম্বনকারীদের পুনর্বাসিত করেছিলেন জিয়াউর রহমান। খালেদা জিয়া তাদের রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছিলেন। যাদের নেতারা স্লোগান দেয় ‘আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান’—তারা বিএনপির নেতৃত্বাধীন জোটের মধ্যে আছে। এভাবে বাংলাদেশে উগ্র মৌলবাদী অপশক্তিকে সব সময় রাজনীতির ক্রীড়নক হিসেবে ব্যবহার করেছে বিএনপি। এরা তাদের রাজনীতির স্বার্থে ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘দেশের মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছে। তাই আমি তাদের অনুরোধ জানাব এই পথ থেকে সরে আসার জন্য।’ বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উপদেষ্টা হারুন অর রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন টয়েলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, এম এ করিম, যুবলীগ সদস্য মানিক লাল ঘোষ প্রমুখ বক্তব্য রাখেন।