রাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ২ লাখ টাকা জরিমানা

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ২১:৫৮

বিশেষ প্রতিনিধি

অস্বাস্থ্যকর অবস্থায় খাদ্য সংরক্ষণের দায়ে গুলিস্তান এলাকার রাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতিশ্বর পালের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় রেস্টুরেন্টটিতে লেবেলবিহীন খাদ্য উপকরণ, দই, বোরহানি ও ফ্রিজে সংরক্ষিত রান্না করা খাবার পাওয়া যায়। এছাড়াও খাদ্যদ্রব্য সংরক্ষণে অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার ঘাটতি দেখা যায়।

এ সময় রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে যথাযথভাবে লেবেলিং প্রক্রিয়া অনুসরণ করে খাদ্য সংরক্ষণসহ পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা ও করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রয়োজনীয় দিকনির্দেশনা  দেওয়া হয়।