হাতিরঝিলে দেশীয় অস্ত্রসহ ছয় ডাকাত গ্রেফতার

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ২১:৫৮

ইত্তেফাক রিপোর্ট

হাতিরঝিল থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয় জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ। গ্রেফতারকৃতরা হচ্ছে—সেলিম মিয়া, আলামিন হোসেন ওরফে সজীব, রফিকুল ইসলাম রনি ওরফে ডিস্কো রনি, রবিন হোসেন, সান্টু মিয়া ও মাসুদ রানা ওরফে ফজলুল হক। গতকাল হাতিরঝিল থানার মহানগর প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছয়টি ছোরা উদ্ধার করা হয়। তেজগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহাদত হোসেন সুমা বলেন, সন্ধ্যায় একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে মহানগর প্রজেক্ট এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।