২১ জেলার কোটি খতিয়ান এখন ডিজিটাল রেকর্ডরুমে

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ২১:৫৮

জমির খতিয়ান সংগ্রহে হয়রানি কমাবে :ভূমিমন্ত্রী

ইত্তেফাক রিপোর্ট

দেশের ২১টি জেলার সিএস, এসএ, আরএস ও দিয়ারা জরিপের ১ কোটি ৮৬ লাখ ৬৭ হাজার ৬২৪টি খতিয়ান এখন থেকে ডিজিটাল রেকর্ডরুমে পাওয়া যাবে। জেলাগুলো হলো—ঢাকা, ফরিদপুর, নরসিংদী, গোপালগঞ্জ, টাঙ্গাইল, শরীয়তপুর, কিশোরগঞ্জ, মাদারীপুর, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, মানিকগঞ্জ, চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, পঞ্চগড়, কুড়িগ্রাম, রংপুর ও সিরাজগঞ্জ। অনলাইনে খতিয়ানের জন্য আবেদন করে শুধু সার্টিফাইড কপি প্রয়োজন হলে তা সংগ্রহ করতে জেলা প্রশাসন কার্যালয়ে আসতে হবে।

গতকাল বুধবার ডিজিটাল রেকর্ডরুমের নাগরিক সার্ভিস ই-সার্ভিস বা ডিজিটাল সার্ভিসে রূপান্তরের কার্যক্রমের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। এটুআইয়ের সহযোগিতায় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ডিজিটাল রেকর্ডরুম স্থাপনের কাজ বাস্তবায়ন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ভূমিমন্ত্রী বলেন, ডিজিটাল রেকর্ডরুম জমির খতিয়ান সংগ্রহে হয়রানি কমাবে। খতিয়ান সংগ্রহে মানুষের জেলা প্রশাসন কার্যালয়ে যাতায়াত কমে যাবে। এছাড়া দালালদের উত্পাত আর থাকবে না। তিনি বলেন, ‘অনলাইনে খতিয়ান প্রাপ্তির সঙ্গে সঙ্গে যেন অনলাইনে খতিয়ানের অটোমেটেড সার্টিফাইড কপিও পাওয়া যা সে বিষয়েও আমরা কাজ করছি। আগামী বছরের মধ্যেই সারা দেশে ডিজিটাল রেকর্ডরুমের কার্যক্রম শেষ হবে বলে জানান ভূমিমন্ত্রী।’

এর আগে ডিজিটাল রেকর্ডরুম সংক্রান্ত কারিগরি ও অগ্রগতির ওপর একটি সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন ভূমি মন্ত্রণালয়ের ভূমিসেবা ডিজিটাইজেশন মনিটরিং সেলের প্রধান মো. দৌলতুজ্জামান খাঁন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. তসলীমুল ইসলাম ও ঢাকার বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান এবং জুম ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন এটুআইয়ের প্রকল্প পরিচালক ড মো. আব্দুল মান্নান প্রমুখ।