নকল সিঙ্গার ও বাটারফ্লাই সেলাই মেশিনসহ দুই বিদেশি গ্রেফতার

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ২১:৫৯

বিশেষ প্রতিনিধি

বিপুল পরিমাণ নকল সিঙ্গার ও বাটারফ্লাই সেলাই মেশিনসহ দুই বিদেশিকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ সময় গোডাউন থেকে সিঙ্গার ও বাটারফ্লাইয়ের নকল ৫৮৫ পিস সেলাই মেশিন ও বাটারফ্লাই লোগো ব্যবহার করে প্রস্তুতকৃত বাটারফ্লাইয়ের ১ হাজার ১০০ পিস সেলাই মেশিন জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৭০ লাখ টাকা। গতকাল মালিবাগ সিআইডি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির ঢাকা মেট্রো সাউথের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান। তিনি জানান, মঙ্গলবার রাজধানীর তুরাগ এলাকায় দুইটি গোডাউনে অভিযান চালিয়ে দুই চীনা নাগরিককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—হাও জিয়াওপিং ওরফে বব হাও ও সু উইন।

বিশেষ পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, বাংলাদেশিদের সহযোগিতায় গ্রেফতারকৃতরা চীন থেকে বিভিন্ন পণ্য আমদানির অন্তরালে অসত্ ব্যবসায়ীদের মাধ্যমে নকল সিঙ্গার ও বাটারফ্লাই সেলাই মেশিন আমদানি করত। সেলাই মেশিনগুলো অরিজিনাল সেলাই মেশিনের চাইতে কম দামে বাজারে বিক্রি করত। বিশেষ করে নকল সেলাইমেশিংগুলো গ্রামাঞ্চলে  বিক্রি করত। গ্রামের লোকেরা কম দামে নকল মেশিন কিনে প্রতারিত হতো।

গ্রেফতারকৃতরা নকল সেলাই মেশিন বাজারে বিক্রির মাধ্যমে ক্রেতাদের প্রতারণা করে সিঙ্গার ও বাটারফ্লাই কোম্পানির ক্ষতি সাধন করে আসছিল বলেও জানান সিআইডির এই কর্মকর্তা।

তিনি আরো বলেন, এই চক্রের সঙ্গে বাংলাদেশি কিছু অসাধু ব্যবসায়ী জড়িত। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও  গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির তুরাগ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হয়েছে।